Showing posts with label আজকের খবর. Show all posts
Showing posts with label আজকের খবর. Show all posts

Aug 23, 2020

স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ কমে যাবে -স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ কমে যাবে -স্বাস্থ্যমন্ত্রী

featured image

ঢাকা অফিস ॥ স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ এমনিতেই কমে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘সংক্রমণ আরো কমাতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে, শারীরিক ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে, অসুস্থ হলে করোনার টেস্ট করাতে হবে। ভ্যাকসিনের অপেক্ষায় না থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চললে এমনিতেই করোনার সংক্রমন কমে যাবে।’ গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) আয়োজিত রাস্তা প্রশস্তকরণ এবং মেরামত কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশেই করোনা সংক্রমণ অনেক বেশি। সে তুলনায় বাংলাদেশে জনসংখ্যা অনুপাতে করোনা সংক্রমণ বিশ্বের যেকোনো দেশের চাইতে অনেক কম। ‘করোনা সংক্রমণ কমিয়ে রাখা সম্ভব হয়েছে স্বাস্থ্যসেবা ভালো থাকার কারণে,’ যোগ করেন তিনি। জাহিদ মালেক বলেন, ‘বিএনপি-জামায়াত গ্রেনেড হামালা করে দেশকে একটি মৌলবাদী অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছিল। তারা দেশের উন্নয়ন চায়নি। শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের অনেক উন্নয়ন করেছে।’ এ সময় মন্ত্রী ১০ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জ-বাংলাদেশ হাট-তিল্লী-ছনকা-নাগরপুর ২২ কিলোমিটার রাস্তার প্রশস্তকরণ এবং মেরমাত কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক এস.এম.ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম আপেল, শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী মাইজ ভান্ডারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতি বিবেচনায় নির্বাচন আর বিলম্বিত করতে রাজি নয় ইসি

করোনা পরিস্থিতি বিবেচনায় নির্বাচন আর বিলম্বিত করতে রাজি নয় ইসি

featured image

ঢাকা অফিস ॥ নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন অনুষ্ঠান নিয়ে করোনা পরিস্থিতি বিবেচনায় নেবে না। সেই প্রেক্ষিতে আগামী সপ্তাহেই ইসি জাতীয় সংসদের দুটি আসনের উপনির্বাচনের তফসিল নির্ধারণ করতে যাচ্ছে। পাশাপাশি শূন্য থাকা অন্য তিন সংসদীয় আসনের নির্বাচনও দ্রুত অনুষ্ঠানের সিদ্ধান্ত জানাতে পারে। সেজন্য ক্ষমতাসীন দলও সব শূন্য আসনের জন্য আগ্রহী প্রার্থীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। তাছাড়া সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলেও অক্টোবর থেকে ইসি স্থানীয় সরকারের ৩০০টির বেশি নির্বাচন শুরু করতে যাচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, করোনা ভাইরাসের কারণে গত ২১ মার্চ দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করা হয়। ইসি জানিয়েছিল করোনা ভাইরাসের প্রকোপ থাকা পর্যন্ত ওই সিদ্ধান্ত বহাল থাকবে। নির্বাচন কমিশনের ওই স্থগিতাদেশের কারণে সব প্রস্তুতি নিয়েও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত হয়ে যায়। গত ২৯ মার্চ ওই নির্বাচন হওয়ার কথা ছিল। একই দিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠানেরও তারিখ নির্ধারিত ছিল। কিন্তু ওই দুটি নির্বাচনও স্থগিত করা হয়। কিন্তু ইসির এমন সিদ্ধান্তের ব্যাপক সমালোচনার মুখেও কমিশন ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করে। বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠানে সাধারণভাবে সংবিধান নির্ধারিত ৯০ দিনের সময়সীমা গত এপ্রিলেই শেষ হয়ে যায়। এমন অবস্থায় নির্বাচন কমিশন সংবিধানের ১২৩-এর ৪ অনুচ্ছেদ অনুসারে দৈবদুর্বিপাকের কারণে ওই দুই নির্বাচন অনুষ্ঠানের জন্য আরো ৯০ দিন সময় নেয় এবং সময় বাড়ানোর আর কোনো উপায় না থাকায় গত ১৪ জুলাই ওই দুই আসনের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করে। সূত্র জানায়, বর্তমানে জাতীয় সংসদের ৫টি আসন শূন্য রয়েছে। গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুত পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসন শূন্য হয়। গত ৬ মে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয় ঢাকা-৫ (ডেমরা-দনিয়া-মাতুয়াইল) আসন। ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হয় সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসন। সর্বশেষ গত ১০ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় ঢাকা-১৮ (উত্তরা) আসন। ইতিমধ্যে ঢাকা-৫ ও পাবনা-৪ আসনের উপনির্বাচনের সাধারণ সময়সীমা পার হয়ে গেছে। ওই দুই আসনের নির্বাচনের জন্য বর্তমানে কমিশনের হাতে আছে দৈবদুর্বিপাকের বর্ধিত ৯০ দিন; যা যথাক্রমে আগামী ১ নভেম্বর এবং ২৮ সেপ্টেম্বর শেষ হবে। আর ঢাকা-১৮ আসনের নির্বাচনের জন্য কমিশনের হাতে সাধারণ সময় আছে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এমন অবস্থায় নির্বাচন কমিশন ঢাকা-৫ আসন বাদ রেখেই আগামী রোববার ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনের উপনির্বাচনের তফসিল নির্ধারণ করতে যাচ্ছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জাতীয় সংসদের শূন্য ৫টি আসনেরই মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। সূত্র আরো জানায়, চট্টগ্রাম সিটি ছাড়াও করোনার কারণে স্থানীয় সরকারের স্থগিত ১১৫টি নির্বাচন এবং অপসারণ, পদত্যাগ, মৃত্যু ও মেয়াদ শেষ হওয়ার কারণে নির্বাচন উপযোগী ১৮৭টি জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন আসছে অক্টোবর থেকেই শুরু হবে। সেক্ষত্রে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন বিলম্বিত করা হবে না। বরং যথাসাধ্য স্বাস্থ্যবিধি মেনেই নির্বাচন অনুষ্ঠান হবে। এদিকে এ প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর জানান, ইসির সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয় আগামী অক্টোবর মাস থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করা হবে আর নভেম্বর থেকে জাতীয় সংসদের শূন্য আসনগুলোর নির্বাচন সম্পন্ন করা হবে। ওসব নির্বাচনের জন্য আর সময় ক্ষেপণ করা হবে না। তার আগেই সম্পন্ন করা হবে ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনের নির্বাচন। আর চট্টগ্রাম সিটির নির্বাচন এমন সময় করা হবে যাতে ওই সিটির প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার পরপরই নির্বাচিত নতুন মেয়র দায়িত্ব নিতে পারেন।

সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে – কামাল

সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে – কামাল

featured image

ঢাকা অফিস ॥ করোনাভাইরাস মহামারীকাল সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কামাল হোসেন। গতকাল শনিবার নিজ দল গণফোরামের আহ্বায়ক কমিটির বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে তিনি এই অভিযোগ তুলে তা প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন। গণফোরাম সভাপতি কামাল বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে করোনাকে নিয়ে সরকার দুর্নীতিকে প্রশ্রয় করে যাচ্ছে। তাদের (দুর্নীতিবাজ) বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার নিচ্ছে না। বন্যা পরিস্থিতি মোকাবেলায়ও সরকার ব্যর্থ বলে দাবি করেন তিনি। এবার বন্যা ও নদী ভাঙনে কৃষকদের ফসল মারা গেছে, মানুষের ঘরবাড়ি, জমি-জিরাত, স্কুল-কলেজ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনাটি ধরে কামাল বলেন, এই হত্যাকান্ড দেখিয়ে দিল দলীয়করণকৃত এবং বিচার বহির্ভূত হত্যাকান্ড, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকা-ের ফলে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে জনগণের অধিকার রক্ষায় জাতীয় ঐক্যকে আরও জোরদার রতে হবে, জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে, বলেন কামাল। গণফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মহসিন রশীদের চেম্বারে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সাংসদ মোকাব্বির খান। বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, সদস্য, আ ও ম শফিক উল্ল্যা, মোশতাক আহম্মেদ, সেলিম আফার, মো. ইসমাঈল, হারুন তালুকদার, শাহ নুরুজ্জামান, কায়সার, শফিউর রহমান বাচ্চু, লিঙ্কন।

করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিতসাধীন রয়েছেন দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান

করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিতসাধীন রয়েছেন দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান

featured image

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান করোনা আক্রান্ত ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে বিভিন্ন মহল দোয়া করেছেন। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। করোনা নমুনা দিয়ে করোনা পজেটিভ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে বলে দৌলতপুর থানা পুলিশ সূত্র জানিয়েছে। দৌলতপুর থানার ওসি এস এম অরিফুর রহমানের সুস্থতার জন্য দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

করোনায় প্রাণ গেল আরও ৪৬ জনের, নতুন শনাক্ত ২২৬৫

করোনায় প্রাণ গেল আরও ৪৬ জনের, নতুন শনাক্ত ২২৬৫

featured image

ঢাকা অফিস ॥ দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১০ জন। হাসপাতালে মারা গেছেন ৪৫ জন ও বাড়িতে একজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৯০৭ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১০ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২৬৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯২ হাজার ৬২৫ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫ জনে। গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৯৫২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৫ হাজার ৫৬৭ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারী তিন হাজার ৯০৭ জনের মধ্যে পুরুষ তিন হাজার ৮২ জন (৭৮ দশমিক ৭৮ শতাংশ)এবং নারী ৮২৫ জন (২১ দশমিক ১২ শতাংশ)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ৩৩ জন রয়েছেন। বিভাগওয়ারী পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন।