তিন নায়িকায় মুগ্ধ সীমান্তের এপার-ওপার ৷ ফলে প্রেক্ষাগৃহ জুড়ে বঙ্গ সুন্দরীদের ধুন্ধুমার যুদ্ধ ৷ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (SAFTA) অনুসারে ভারত ও বাংলাদেশে দেশে মুক্তি পাচ্ছে বিভিন্ন ছবি ৷
এদিকে নয়াদিল্লি-ঢাকা কূটনৈতিক সম্পর্ক ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতি সরগরম ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ এপ্রিল নয়াদিল্লি যাচ্ছেন ৷ তাঁর সফরে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে প্রতিরক্ষা চুক্তি ও তিস্তা জলবন্টন ইস্যু ৷
শেখ হাসিনার দিল্লি সফরের মধ্যেই ৭ এপ্রিল ঢাকায় মুক্তি পাচ্ছে ‘সত্তা’৷ ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোল ৷ অভিনয় করেছেন টলিউডি নায়িকা পাওলি দাম ৷ বাংলাদেশি অভিনেতা শাকিব খান ৷ ‘সত্তা’ নিয়ে ঢালিউডে চলছে বিস্তর আলোচনা ৷
সত্তা- আলোচনার মূল লক্ষ্য অবশ্যই পাওলি ৷ ভারতীয় তথা বাঙালি অভিনেত্রী ইতিমধ্যে ঢাকায় সাংবাদিক সম্মেলন করে গিয়েছেন ৷ প্রেক্ষাগৃহ মাতাবে ‘সত্তা’ জানিয়েছেন ছবির নায়ক শাকিব খান ৷ পাওলি দাম বাংলাদেশে বিশেষ পরিচিত ৷ ঢাকার দর্শকের কাছেও রয়েছে তাঁর গ্রহণযোগ্যতা। বাংলাদেশি লেখিকা সোহানী হোসেনের ‘মা’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘সত্তা’ ৷ এতে রয়েছে দুই সংগ্রামী মায়ের কথা ৷ এই ছবিতে পাওলি দাম ‘শিখা’ এবং শাকিব হাসান ‘সবুজ’ চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে ঢাকায় মুক্তি পাচ্ছে টলিউডের ছবি ‘হরিপদ ব্যান্ডওয়ালা’৷ এতে অভিনয় করেছেন নুসরাত জাহান ৷ ছবির নায়ক অঙ্কুশ হাজরা ৷ ভেঙ্কটেশ ফিল্মসের এই ছবির পরিচালক পথিকৃৎ বসু। ঢাকায় নুসরাত জনপ্রিয় ৷ ফলে ছবি ঘিরে আগ্রহ বাড়ছে ৷
হরিপদ ব্যান্ডওয়ালা- লড়াইটা তাই ‘সত্তা’ ছবির পাওলি বনাম ‘হরিপদ ব্যান্ডওয়ালা’-র নুসরাতের মধ্যে ৷ তবে পিছিয়ে নেই দুই বাংলার অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি ৷ তিনি যাচ্ছেন কলকাতা মাতিয়ে দিতে ৷ সাফটা চুক্তি অনুসারে ঢালিউডের ‘নগর মাস্তান ছবি মুক্তি পাচ্ছে কলকাতায় ৷ ঢাকাইয়া ছবির নায়িকা পরীমনি ৷ যাঁকে ঘিরে পশ্চিমবঙ্গের দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে ৷ ছবিতে অভিনয় করেছেন জায়েদ খান ও শাহরিয়াজ।
নগর মাস্তান- বাণিজ্যিক এই ছবির প্রদর্শন ছাড়পত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ৷ সমস্যা মিটিয়ে ঢাকায় মুক্তি পেয়েছে নগর মাস্তান৷ ছবির গল্প নিয়ে বাংলাদেশেই সমালোচনা হয়েছে বিস্তর ৷ অভিযোগ, ভারতীয় সিনেমা থেকে সুর নিয়ে ছবির গানে ব্যবহার করা হয়েছে ৷ পাশাপাশি ছবিতে পুলিশের ভূমিকা নিয়েও সরগরম হয়েছিল বাংলাদেশের সেন্সর বোর্ড ৷ দর্শকদের আগ্রহ পরীমনি ৷ তাঁকে ঘিরেই উন্মাদনা ৷
|
Apr 8, 2017
এ সম্পর্কিত আরও খবর
- Blog Comments
- Facebook Comments