Sep 24, 2018

`তত্ত্বাবধায়ক চাইলে নির্বাচনই হবে না : প্রধানমন্ত্রী



নবনির্বাচিত চার সিটি মেয়রকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ নির্বাচনে জনগণের জয় হয়েছে। গণতন্ত্রের জয় হয়েছে। সরকারের জয় হয়েছে। সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করেনি বলেই জনগণ যাকে চেয়েছে তাকে শান্তিপূর্ণভাবে নির্বাচিত করতে পেরেছে। আওয়ামী লীগ বা মহাজোট ক্ষমতায় থাকলে যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তা প্রমাণ হয়ে গেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে বলেই বিএনপি সমর্থিত চারজন মেয়র প্রার্থী জয়ী হতে পেরেছেন। গতকাল জাতীয় সংসদে এ কথা বলেন সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, দেশে আর কোনো অসাংবিধানিক সরকারের প্রয়োজন নেই। অসাংবিধানিক সরকার আনার চেষ্টা করবেন না। তাতে কারও ভালো হবে না, নির্বাচনই হবে না। আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ ভোট দিলে আমরা আছি, না দিলে নাই। জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাকার কোনো নিয়ত আমাদের নেই। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে পয়েন্ট অব অর্ডারে বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সিটি নির্বাচনের মাধ্যমে মানুষ সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে। এ কারণে সরকার পূর্ণ মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। আমি অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করি এবং বাজেট পাস হওয়ার পরপরই এই সংসদে সংবিধান সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনর্বহাল করে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। ব্যারিস্টার মওদুদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য। সেই জনগণ যদি না চায় থাকব না। জনগণের ভোট চুরি করে ক্ষমতায় আসার মানসিকতা আমাদের নেই। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে বলে দিয়েছিলাম, কোনো রকমের গণ্ডগোল দেখতে চাই না। যা রেজাল্ট আসবে তা-ই মেনে নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে (গতকাল) একটি মামলার তারিখ ছিল, কিন্তু বিরোধীদলীয় নেত্রী কোর্টে যাননি। তার আইনজীবী (খালেদা জিয়ার) বলেছেন, সংসদের কাজে তিনি ব্যস্ত। কিন্তু তিনি সংসদে কই? তিনি তো সংসদে আসেন না। কোর্টের কাছেও মিথ্যা কথা! মামলার তারিখ পড়লে আগডুম বাগডুম করে নানা অজুহাত দেখিয়ে কোর্টে যান না। কারণ কোর্টে হাজিরা দিলে যদি আসল কথা বেরিয়ে যায়। ব্যারিস্টার মওদুদকে ইঙ্গিত করে সংসদ নেতা বলেন, উনার পদ নেই, উপনেতাও নন। অসাংবিধানিক সরকার এলে 'ডিগবাজদের' অসুবিধা নেই। উনি এত কিছু বললেন কিন্তু একটা কথা বলেননি যে, কেবল আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় ছিল বলেই মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে।

SHARE THIS