রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় পণ্যাগারে লাগা আগুন নয় ঘণ্টায়ও পুরোপুরি নেভেনি।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।
টিনশেডের ওই পণ্যাগারে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। আজ রোববার সকাল সাড়ে নয়টায়ও আগুন পুরোপুরি নেভানো যায়নি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ রাতে ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছিলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আশপাশে আবাসিক এলাকা। তাই আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পণ্যাগারের ভেতরে রাসায়নিক উপকরণ রয়েছে। তা ছাড়া পানির অভাব রয়েছে। মূলত এসব কারণে আগুন পুরোপুরি নেভাতে বেগ পেতে হচ্ছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পণ্যাগারের ভেতরে প্রচুর পরিমাণ জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিশেষ করে কনডম রয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন পুরোপুরি নেভাতে পণ্যাগারের টিনের চালা খুলে ফেলা হচ্ছে।
পণ্যাগারে কীভাবে আগুন লেগেছ, তা জানা যায়নি।
SHARE THIS