Feb 11, 2018

জেলখানা আরাম-আয়েশের জায়গা না: ওবায়দুল কাদের


জেলখানা আরাম আয়েশের জায়গা নয় দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ডিভিশনের চেয়েও বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন।
 
রোববার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
রাজনীতির কারণে নিজের কারাবাসের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, জেলখানা আরামের জায়গা নয়, আমরাও জেল খেটেছি। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক-এগারোর সময় কারাভোগ করেছেন। ওইখানেও এসি ছিল না।
ওবায়দুল কাদের আরো বলেন, খালেদা জিয়ার ডিভিশনের বিষয়টি আদালতের সঙ্গে সম্পৃক্ত। তবে তিনি ডিভিশনের চেয়েও বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ডিভিশন পেলেও খুব সম্ভবত তিনি গৃহকর্মী রাখতে পারবেন না।
গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। রায় ঘোষণার পর পরই কড়া নিরাপত্তার মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার পুরোনো কারাগারে  রাখা হয়েছে।
এর পর থেকেই বিএনপি নেতারা অভিযোগ করছিলেন যে, খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন বা প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়া হচ্ছে না। গতকাল শনিবারও গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এ অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খবরটির সূত্রঃ Online

SHARE THIS