বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর শেষ মঞ্চ টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কার কাছে ত্রিদেশীয় সিরিজ এবং টেস্ট সিরিজের শিরোপা খোয়ানোর পর আসন্ন এই সিরিজ উপলক্ষে আজ শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আট জন। দলে নতুন মুখ পাঁচ জন। দলে ফিরেছেন তিন জন।
দলে ফিরেছেন চোটের কারণে টেস্ট সিরিজ মিস করা অধিনায়ক সাকিব আল হাসান। তার নেতৃত্বেই দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। দুই বছর পর দলে ফিরেছেন পেসার আবু হায়দার রনি। সর্বশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের জার্সি পরেছিলেন তিনি। ওয়ানডে এবং টেস্ট দলে জায়গা হারালেও ক্রিকেটের ছোট ফরম্যাটে তামিম ইকবালের সঙ্গী হতে যাচ্ছেন সৌম্য সরকার।
নতুনদের মধ্যে ডাক পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান, আফিফ হাসান, পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক, পেসার আবু জায়েদ ও উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক, মেহেদি হাসান, জাকির হাসান, আফিফ হোসেন
