রিয়াল মাদ্রিদের ইনজুরির তালিকাটা বেশ লম্বা। তাও আবার তারকা খেলোয়াড়রা রয়েছেন সেই তালিকায়। তালিকায় আছেন অধিনায়ক সার্জিও রামোস, গ্যারেথ বেল, মার্সেলো ও ইসকো। তাদের ছাড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগে ‘জি’ গ্রুপের ম্যাচ খেলতে রাশিয়ায় গিয়েছে রিয়াল। মঙ্গলবার রাতে রাশিয়ান ক্লাব সিএসকেএস মস্কোর মুখোমুখি হবে রিয়াল।
রামোস ও বেল ইনজুরির তালিকায় সর্বশেষ সংযোজন। শনিবার রাতে মাদ্রিদ ডার্বিতে ইনজুরিতে পড়েন তারা। শনিবার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেশির ইনজুরিতে পড়েন বেল। সে কারণে তাকে মাঠ থেকে উঠিয়ে নিতে হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায় বেলের ইনজুরি মারাত্মক কিছু না হলেও তাকে বিশ্রাম দিতে হবে। যাত ভবিষ্যতে সেটা খারাপ অবস্থায় না যায়। এই ম্যাচে ইনজুরিতে পড়েন রামোসও। মার্সেলো পায়ের ইনজুরিতে ভুগছেন। আর ইসকোর গেল সপ্তাহে অ্যাপেনডিসাইটিস এর অস্ত্রোপচার হয়েছে।
সে কারণে মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে সিএসকেএ মস্কোর বিপক্ষে খেলতে পারবেন না বেল ও রামোস। তাদের ছাড়াই রাশিয়ান ক্লাবটির বিপক্ষে মাঠে নামতে হবে রিয়ালকে।
বেলের ইনজুরির বিষয়ে রিয়ালের কোচ জুলেন লুপেতেগুই বলেন, ‘অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষের ম্যাচের প্রথমার্ধেই সে কিছুটা অস্বস্তিবোধ করছিল। সে কারণে সতর্কতা স্বরূপ দ্বিতীয়ার্ধে তাকে মাঠ থেকে উঠিয়ে আনতে হয়। ভবিষ্যতের বিষয়টি চিন্তা করে সিএসকেএ মস্কোর বিপক্ষে তাকে খেলানো যাচ্ছে না।’
